সম্প্রতি কক্সবাজার জেলায় ভূমি দখল, সৈকত দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় এসেছেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন। সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তিনি জেলার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরায় সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন শুধু সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ থাকেন না; বরং যে কোনো মানুষের সংকট কিংবা সাংবাদিকদের বিপদে-আপদে প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনৈতিক চাঁদাবাজি, ভূমি দখল এবং প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তির অপকর্ম তুলে ধরে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করায় জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তবে এমন অবস্থায় একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা অপপ্রচার ও চক্রান্ত চালাচ্ছে বলেও অভিযোগ করেন তার অসংখ্য ভক্ত ও সমর্থকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন মাত্রায় জসিমের পক্ষে প্রতিবাদ করেছেন জুলাইযোদ্ধা সাগর।
এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদী বক্তব্যটি মূলত দুর্নীতিবিরোধী সাংবাদিকতার প্রতি সমর্থন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই দেখছেন অনেকে।
এদিকে জসিম উদ্দিনের সাহসী সাংবাদিকতার প্রশংসা করে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমের এ ধরনের ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
সচেতন মহল মনে করছে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানো জরুরি।